ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারায় তারা। পঞ্চম শটে আমেরিকান প্রবাসী রোনান সুলিভানের গোলে বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়।
প্রথমার্ধে বাংলাদেশের আধিপত্য বেশি থাকলেও দ্বিতীয়ার্ধে ভারত বেশি আক্রমণাত্মক ছিল। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও বাংলাদেশের রক্ষণ বা গোলরক্ষক মাহিনকে তেমন বেকায়দায় ফেলতে পারেনি ভারত। পাল্টা আক্রমণে বাংলাদেশও কয়েকবার ভারতের রক্ষণে চাপ তৈরি করে।
রোনানের ভাই ডেকলানকে দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট পর মাঠে নামানো হয়। নিজের প্রান্ত দিয়ে কয়েকটি আক্রমণ করেন ডেকলান। শেষ মুহূর্তে দূর থেকে ভাই রোনানের উদ্দেশে দারুণ একটি বল পাঠান তিনি। ভারতের রক্ষণ ভেদ করে বল পেয়ে শট নেন রোনান, তবে গোলরক্ষক এগিয়ে আসায় বল তাঁর গায়ে লাগে।
মালে স্টেডিয়ামে শুক্রবার ছুটির দিনে গ্যালারি ভরিয়েছিলেন বাংলাদেশি প্রবাসীরা। গ্রুপ পর্বে একই দলে থাকায় বাংলাদেশ ও ভারত পরস্পরকে ভালোভাবেই চেনে। তাই বাংলাদেশের আমেরিকান ফরোয়ার্ড রোনান সুলিভানকে কড়া নজরদারিতে রেখেছিল ভারত। তবু রোনান নিজের দক্ষতা প্রমাণ করে বেশ কয়েকটি শট নেন।
দুই দলই একাধিক গোলের সুযোগ পেয়েছে। বাংলাদেশের গোলরক্ষক মাহিন একাধিকবার পোস্ট থেকে বেরিয়ে এসেছিলেন। দুবার বল ধরতে না পারলেও বিপদ হয়নি। বাংলাদেশও বারবার প্রতিপক্ষের বক্সের কাছাকাছি পৌঁছেও কাঙ্ক্ষিত গোল করতে পারেনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে