Views Bangladesh Logo

বাংলাদেশকে ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখতে হবে: কুগেলম্যান

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়ে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নয়াদিল্লির সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে 'অত্যন্ত সতর্ক' হতে হবে।

ওয়াশিংটন ডিসির উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক কুগেলম্যান ‘রাইট টু ফ্রিডম-আরটুএফ’ আয়োজিত এক ওয়েবিনারে তিনি বলেন, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা ও ভূ-রাজনীতির কারণে এই অংশীদারিত্ব প্রয়োজন।

তিনি বলেন, "আমি মনে করি এ বিষয়ে আমাদের খুব পরিষ্কার থাকা প্রয়োজন। অন্তত আমার মতে, বাংলাদেশের ভারতকে পাশে না রাখার সক্ষমতা এমুহূর্তে নাই।”

তাঁর মতে, ভারতের সঙ্গে 'কার্যকর সম্পর্ক' বজায় রাখা দরকার, তবে তা 'অতি উষ্ণ' না হলেও চলবে।

কুগেলম্যান আরও মনে করেন, ভারতের নিজস্ব স্বার্থই বাংলাদেশের সঙ্গে একটি কার্যকর সম্পর্ক বজায় রাখার মূল নিয়ামক। খবর ইউএনবি।

বর্তমান ভারত-বিরোধী মনোভাবকে আরও উস্কে দিতে পারে এমন কিছু যেন না করা হয়, সেদিকে খেয়াল রাখার বিষয়টিতে গুরুত্ব দিতে হবে বলেও মত দেন তিনি।

কুগেলম্যান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নয়াদিল্লির সাথে সম্পর্ক বজায় রাখাসহ কয়েকটি পরামর্শ দেন।

সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

এই বিশেষজ্ঞ বলেন, ঢাকা এমন কিছু পদক্ষেপ নিতে পারে যা তার নিজের স্বার্থ, বিশেষ করে তার নিরাপত্তা স্বার্থকে এগিয়ে নেবে, তবে পাশাপাশি ভারতকে কিছু উদ্বেগেরও সমাধান করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক অনিশ্চয়তা কীভাবে দেশটির প্রতি অন্যান্য দেশের সরকার ও বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি ও পরবর্তী সম্ভাব্য পদক্ষেপকে প্রভাবিত করতে পারে।

রাইট টু ফ্রিডম বোর্ডের সদস্য জন ড্যানিলোউইজের সঞ্চালনায় ওয়েবিনারের সঞ্চালনায় রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক মুশফিকুল ফজল আনসারী প্যানেলের সংক্ষিপ্ত পরিচিতি দেন এবং আরটুএফ’র বোর্ড প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অবসরপ্রাপ্ত) উইলিয়াম বি মিলাম উদ্বোধনী বক্তব্য দেন।

নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন যাত্রার সমালোচনামূলক দিক নিয়ে ওয়েবিনারে আরও বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন ও সিটিজেনস ফর গুড গভর্নেন্সের সেক্রেটারি ড. বদিউল আলম মজুমদার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ