Views Bangladesh Logo

বাংলাদেশ–আলজেরিয়ার মধ্যে জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগে সম্পর্ক জোরদারের আহ্বান

জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠকের প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং একটি যৌথ পরামর্শ কমিশন গঠনের বিষয়েও আলোচনা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) আলজেরিয়ার বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, যেখানে  এসব বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয় পক্ষ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান সহযোগিতাকে পুনর্ব্যক্ত করেছে।

প্রতিমন্ত্রী দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান এবং আলজেরিয়ার হাইড্রোকার্বন খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহকে স্বাগত জানান।

উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করে, বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেয়।

প্রতিমন্ত্রী শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি উত্থাপন করেন এবং দুই দেশের মধ্যে যৌথ পরামর্শ কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত জানান।

রাষ্ট্রদূত জ্বালানি, শিক্ষা ও কৃষিসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়াতে আলজেরিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি দক্ষ ও অদক্ষ জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি এবং নিয়মিত উচ্চপর্যায়ের সফর ও বৈঠক বৃদ্ধির আহ্বান জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশকে আলজেরিয়ার অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ