বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান বাংলাদেশের
বাংলাদেশ বর্ণবাদ নির্মূল, সাম্য প্রতিষ্ঠা এবং মানব মর্যাদা সমুন্নত রাখতে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নিউইয়র্ক-এ স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) জাতিসংঘ সাধারণ পরিষদ-এ ‘আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস’ উপলক্ষে আয়োজিত এক স্মারক সভায় এ আহ্বান জানান।
সভায় বক্তব্যে তিনি বর্ণবাদ ও জাতিগত বৈষম্যবিরোধী বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে এ ক্ষেত্রে দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি রাখাইন ও গাজায় চলমান বর্ণবাদমূলক নিপীড়নের বিষয় উল্লেখ করে বলেন, ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনা-এর লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি।
পররাষ্ট্রমন্ত্রী বিশ্বব্যাপী অভিবাসী শ্রমিকদের বঞ্চনা, শোষণ এবং ন্যায়বিচারে সীমিত প্রবেশাধিকারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এসব পরিস্থিতি জাতিসংঘ-এর মূল আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।
বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, দেশটি মানবাধিকার, সমতা ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, শান্তিপূর্ণ সহাবস্থান এবং মানবাধিকার প্রতিষ্ঠানের সক্ষমতা জোরদারে সরকার কাজ করে যাচ্ছে।
বর্ণবাদমুক্ত বিশ্ব গড়ে তুলতে শিক্ষায় বিনিয়োগ, অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন ড. খলিলুর রহমান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে