সড়ক দুর্ঘটনা কমাতে বৈশ্বিক জবাবদিহিতা ও সমন্বয় জোরদারের আহ্বান বাংলাদেশের
বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি কার্যকর বাস্তবায়ন, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জবাবদিহিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (২১ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথসভাপতির দায়িত্ব পালনকালে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নয়নে নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতির অংশ হিসেবে তিনি এ দায়িত্ব পালন করেন।
বক্তব্যে শেখ রবিউল আলম বলেন, শুধু শক্তিশালী প্রতিষ্ঠান গঠন করলেই হবে না, সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে সেসব প্রতিষ্ঠানের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, অর্থ, শিক্ষা, পরিবেশ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনা, দায়িত্বের স্পষ্ট বণ্টন এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ সড়ক নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব উদ্যোগকে অবশ্যই কার্যকর সরকারি নেতৃত্ব, সুসংহত সমন্বয় এবং জবাবদিহিতার কাঠামোর মধ্যে পরিচালিত হতে হবে।
জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রতিনিধি দলে আরও রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
মতামত দিন