ভারত-পাকিস্তানকে সংযত থাকার অনুরোধ বাংলাদেশের
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারত ও পাকিস্তানকে ‘সংযত’ থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশা করে যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি প্রতিষ্ঠিত হবে।
সাম্প্রতিক কয়েক দিনের মধ্যে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে উঠেছে। বিশেষ করে, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর থেকেই দুই দেশের মধ্যে বাকযুদ্ধ এবং সীমান্তে সংঘর্ষ বাড়তে থাকে।
সেই ঘটনার পর মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এলাকায় ভারতের একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়ায়। বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) দেশটির সেনাবাহিনীকে পাল্টা হামলা চালানোর অনুমতি দেয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সরকার ভারত ও পাকিস্তানের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে, পরিস্থিতি নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয় যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
ভারত ও পাকিস্তানকে বাংলাদেশ এমন কোনো পদক্ষেপ না নেয়ার অনুরোধ করেছে যা পরিস্থিতিতে জটিল করে তুলতে পারে।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর এর জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। দুই দেশেই যুদ্ধ প্রস্তুতির খবর আসার মধ্যে গত ২৭ এপ্রিলও বাংলাদেশ দুই পক্ষকে সংযম পালনের আহ্বান জানায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে