ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের
গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ‘গণহত্যা’ বলে অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ব্যাপক যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৯ জুলাই) ‘ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান’ শীর্ষক জাতিসংঘের উচ্চস্তরের আন্তর্জাতিক সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘২০২৩ সালের ৭ অক্টোবর সংঘাত তীব্র হওয়ার পর থেকে ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এটি কেবল একটি সংঘাত নয়, এটি গণহত্যা। মানবতাবিরোধী অপরাধে দায়ীদের জবাবদিহি করতে হবে’।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের অটল সমর্থনও পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা।
‘মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের শান্তিপূর্ণ সহাবস্থানে নির্ভর করে। দুই রাষ্ট্র সমাধানই একমাত্র কার্যকর পথ’- জোর দিয়ে বলেন তিনি।
জাতিসংঘ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়কে দুই রাষ্ট্র বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ এবং অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা কার্যক্রমে যেকোনো বাধার বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধেরও আহ্বান জানান তৌহিদ হোসেন।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে তিনদিনের এই সম্মেলনে অংশ নিচ্ছেন ১১৮টি দেশের প্রতিনিধিরা। সম্মেলনের লক্ষ্য সংঘাতের শান্তিপূর্ণ সমাধান এবং ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি বিশ্বজুড়ে সমর্থন জোগানো ও পুনর্ব্যক্ত করা।
গাজা পুনর্গঠনে আরব নেতৃত্বাধীন এই উদ্যোগকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা। জাতিসংঘের তত্ত্বাবধানে পুনর্গঠন প্রচেষ্টায় অংশগ্রহণে বাংলাদেশের প্রস্তুতিও নিশ্চিত করেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে