মানবিক সহায়তা ও শান্তিরক্ষায় নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের
বিশ্বজুড়ে মানবিক সংকট গভীর হওয়ার পরিপ্রেক্ষিতে মানবিক সহায়তা শক্তিশালী করা, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করা এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (১৭ জুন) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে বক্তৃতাকালে এই আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সামাজিক সুরক্ষা কর্মসূচির বিস্তার, দুর্যোগ প্রস্তুতি শক্তিশালীকরণ, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন উদ্যোগ পরিচালনা করছে বাংলাদেশ।
একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) বিষয়ক উন্মুক্ত বিতর্কেও অংশ নেন তিনি। সেখানে তিনি শান্তি প্রতিষ্ঠা, সংঘাত প্রতিরোধ এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ায় নারীদের অপরিহার্য ভূমিকার ওপর জোর দেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের পেশাদারত্ব, নেতৃত্বগুণ ও অবদানের ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী। এর পাশাপাশি সংশ্লিষ্ট সবার প্রতি শান্তি ও নিরাপত্তা কার্যক্রমে নারীদের কার্যকর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।
বিশ্বের সংঘাতপ্রবণ অঞ্চলগুলোতে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মানবিক সহায়তায় দেখা দেওয়া অর্থায়ন সংকট সামলাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বানও জানান তিনি।
বক্তব্যে রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে ফিরিয়ে নেওয়ার দাবিও তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) ইকোসকের ২০২৬ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের হাই-লেভেল প্যানেল ডিসকাশন-২-এ যোগ দেবেন প্রতিমন্ত্রী। এ ছাড়াও জাতিসংঘ সদরদপ্তরে ইউএন উইম্যানের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।
আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া সংবাদমাধ্যমকে জানান, জাতিসংঘের এসব বৈঠক ও আলোচনায় মানবিক সহায়তা, নারী ক্ষমতায়ন, শান্তি ও নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে।
মতামত দিন