Views Bangladesh Logo

স্পট মার্কেট থেকে আরও দুই কার্গো এলএনজি কিনছে বাংলাদেশ

বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার মধ্যে স্পট মার্কেট থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এসব এলএনজি কেনা হবে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ সভাকক্ষে আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিল মাসে দুই দফায় এলএনজি কার্গো দেশে আসবে—১০ম কার্গো ২৪–২৫ এপ্রিল এবং ১১তম কার্গো ২৭–২৮ এপ্রিলের মধ্যে সরবরাহ করা হবে। প্রতিটি কার্গোর ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৩৩ কোটি টাকা, মোট ব্যয় প্রায় ১ হাজার ৬৬৬ কোটি টাকা।

প্রস্তাব অনুযায়ী, যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান টোটালএনার্জিস থেকে এসব এলএনজি কেনা হচ্ছে। প্রতি ইউনিটের (এমএমবিটিইউ) দাম ধরা হয়েছে ১৯ দশমিক ৭৭ মার্কিন ডলার।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ায় এলএনজি বাজারেও দাম বেড়েছে, ফলে আগের তুলনায় বেশি দামে স্পট মার্কেট থেকে গ্যাস আমদানি করতে হচ্ছে।

এর আগে গত ১১ মার্চ তিন কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়, যেখানে দাম ছিল তুলনামূলকভাবে বেশি। তারও আগে আরও দুটি কার্গোর অনুমোদন দেওয়া হয়েছিল, যেখানে প্রতি এমএমবিটিইউ দামে বড় ওঠানামা দেখা যায়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ