নেতৃত্বের নতুন দিকনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট
দেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের দশম লিডারশিপ সামিট ২০২৬। গত ২৩ নভেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এ সম্মেলনে দেশের শীর্ষ ব্যবসায়ী, নীতিনির্ধারক, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নির্বাহী ও শিক্ষাবিদরা অংশ নেন।
এবারের সামিটের প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন. রিডিজাইন. ডেলিভার’। বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ এবং প্রযুক্তিগত রূপান্তরের প্রেক্ষাপটে দেশের অর্থনীতি ও ব্যবসাপ্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয় সম্মেলনে।
সামিটে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, গত ১০ বছর ধরে এ সম্মেলন দেশের ব্যবসার গতিপথ নির্ধারণে ভূমিকা রাখা নেতাদের একত্রিত করছে। বর্তমান বাস্তবতায় প্রচলিত ধারায় এগিয়ে যাওয়া যথেষ্ট নয়। নতুনভাবে চিন্তা করা, প্রতিষ্ঠান পুনর্গঠন এবং পরিকল্পনার বাস্তবায়নে নেতাদের সাহসী ভূমিকা নিতে হবে।
দিনব্যাপী আয়োজনে চারটি মূল বক্তব্য, একটি ফায়ারসাইড কনভারসেশন, একটি কেস স্টাডি, তিনটি প্যানেল আলোচনা ও একটি ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়।
মূল বক্তব্যে অংশ নেন ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে, জিও ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক দীপক সি. জৈন, ট্রু করপোরেশনের গ্রুপ সিইও সিগভে ব্রেকে এবং এল ক্যাটারটন ইন্ডিয়ার নির্বাহী চেয়ারম্যান সঞ্জীব মেহতা। তাঁরা বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক ব্যবসার পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্বের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
সামিটের বিশেষ আলোচনায় অংশ নেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার। দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা এবং নতুন প্রজন্মের নেতৃত্বের মূল্যবোধ নিয়ে তাঁরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
এ ছাড়া প্যানেল আলোচনা ও অন্যান্য সেশনে ব্যবসার প্রবৃদ্ধির বাধা অতিক্রম, সংকটের সময়ে প্রতিষ্ঠান পুনর্গঠন, কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং দক্ষ ও দায়িত্বশীল দল গঠনের বিভিন্ন দিক উঠে আসে। একটি কেস স্টাডিতে বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরা হয়। অন্যদিকে ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশগ্রহণকারীরা আগামী ৯০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
অন্যান্য আলোচনায় অংশ নেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ, রেনেটা পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এস. কাইসার কবির, আইফাদ গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশের সাবেক চেয়ারম্যান কামরান বাকর এবং বার্জার পেইন্টস বাংলাদেশের নির্বাহী পরিচালক রূপালী চৌধুরী।
সম্মেলনে বক্তারা বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রযাত্রায় দূরদর্শী নেতৃত্ব, প্রতিষ্ঠান পুনর্গঠন, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং পরিকল্পনার বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।
ইউনাইটেড গ্রুপের পরিবেশনায় অনুষ্ঠিত এ সামিটের সঞ্চালনায় ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড। সহযোগিতায় ছিল নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন কৌশলগত, জ্ঞান, প্রযুক্তি, যোগাযোগ ও অন্যান্য সহযোগী অংশীদার হিসেবে যুক্ত ছিল।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত লিডারশিপ সামিটের দশম আসরে দেশের ব্যবসা ও অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের সুযোগ তৈরি হয়।
মতামত দিন