মঙ্গলবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে
আগামী মঙ্গলবার থেকে দেশের এক বা একাধিক স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমে বলেন, আজ এবং আগামীকাল সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে রেকর্ড করা হয়েছে; ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে, আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। এছাড়াও কিছু কিছু এলাকায় গভীর রাত এবং ভোরে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কিছু কিছু জায়গায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। আগামী দুদিন গভীর রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার পূর্বাভাসও দেয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে