Views Bangladesh Logo

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়, ১৩৮ রানেই অলআউট বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে ৩১.৪ ওভারেই মাত্র ১৩৮ রানে গুটিয়ে গেছে যুব টাইগারদের ইনিংস। ফলে ফাইনালে যাওয়ার স্বপ্ন পূরণ করতে হলে এখন বোলারদের ওপরই ভরসা করতে হবে বাংলাদেশকে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই ছন্দহীন ছিল বাংলাদেশের ব্যাটিং। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়ার সুযোগ হারায় দলটি। ইনিংসে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার আব্দুল্লাহ আল মুহি। তাঁর ছাড়া ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি অন্যরা।

টপ অর্ডারের ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। জারিফ সিয়াম, কাউসার আহমেদ, ফরিদ হাসান ও আহসান আল মুমিন প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। দলীয় সংগ্রহ ১০০ রান হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। গত ম্যাচে সেঞ্চুরি করা আহসান আল মুমিন এদিন করেন মাত্র ১ রান। অধিনায়ক ফরিদ হাসান ফয়সালের ব্যাট থেকে আসে ২৬ বলে ১৭ রান।

শেষদিকে আল রাফি ও রাকিবুল হোসেন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। আল রাফি করেন ২০ রান এবং রাকিবুলের সংগ্রহ ২৬। তাঁদের ব্যাটিংয়ে দেড়শ রানের কাছাকাছি পৌঁছানোর আশা তৈরি হলেও তা পূরণ হয়নি। শেষ পর্যন্ত ১৩৮ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রিজওয়ানউল্লাহ। তিনি একাই শিকার করেন পাঁচ উইকেট। মোহাম্মদ সায়েম পান দুটি উইকেট।

এর আগে টুর্নামেন্টের শুরুতে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে পরবর্তী সময়ে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় দলটি। কিন্তু ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় এখন কঠিন পরীক্ষার মুখে পড়েছে যুব টাইগাররা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ