আঞ্চলিক ফোরামে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-ভুটান
ঢাকায় বাংলাদেশ ও ভুটানের মধ্যে চতুর্থ পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভা মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। সভায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ও বঙ্গোপসাগরীয় বহু-খাতভিত্তিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগের (বিমস্টেক) অধীনে আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন ভুটানের পররাষ্ট্র সচিব পেমা লেকতুপ দর্জি ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়। রাজনৈতিক যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পর্যটন, কৃষি ও জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
দুই দেশ উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগ ও নিয়মিত আলোচনা আরও জোরদারে সম্মত হয়েছে। একই সঙ্গে সংস্কৃতি, পর্যটন, কৃষি, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, যুব বিনিময় ও ক্রীড়ায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও একমত হয়েছে।
বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির আওতায় পণ্যের পরিধি বাড়ানো এবং ভবিষ্যতে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখার ওপর জোর দেওয়া হয়েছে।
ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি উদ্যোগের প্রতিও সমর্থন জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি কুড়িগ্রামে ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম দ্রুত চালুর বিষয়টি পুনর্ব্যক্ত করেছে ঢাকা।
দুই পক্ষই বাংলাদেশ-ভুটান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছে। পরবর্তী পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভা পারস্পরিক সুবিধাজনক সময়ে থিম্পুতে অনুষ্ঠিত হবে।
মতামত দিন