Views Bangladesh Logo

ধর্মীয় পরিচয়ের পরিবর্তে নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল

ধর্মীয় পরিচয়ের পরিবর্তে নাগরিক পরিচয়ই রাষ্ট্রের মূল ভিত্তি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের দেশ। ধর্মকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি করে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।

শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। এই ঐতিহ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্মের নামে সমাজে বিভাজন সৃষ্টি বা সাম্প্রদায়িক উসকানির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করতে বা মানুষকে তা ভুলিয়ে দিতে চায়, তারা প্রকৃত অর্থে বাংলাদেশকে বিশ্বাস করে না। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

বিএনপি মহাসচিব বলেন, সামনে নানা ধরনের রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ থাকলেও জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি নষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ