অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু বাংলাদেশের
অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে ডারউইনে প্রথম অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম দিনের অনুশীলন শেষে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম জানিয়েছেন, সফরের শুরুটা ইতিবাচক হয়েছে এবং দল ভালো প্রস্তুতি নিতে পেরেছে।
দীর্ঘদিনের গোড়ালি ও কাঁধের চোটের চিকিৎসার জন্য আগে থেকেই অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন পেসার তাসকিন আহমেদ। পার্থে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর তিনি দলের সঙ্গে যোগ দেন। বিসিবির প্রকাশিত ভিডিওতে অনুশীলনে তাঁকে বেশ প্রাণবন্ত দেখা যায়। শুরুতে দুই হাতে দুটি ব্যাট নিয়ে মাঠে এলেও পরে নিজের মূল দায়িত্ব বোলিং অনুশীলনেই মনোযোগ দেন।
বাংলাদেশ দল ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ে। গতকাল আরও আটজন ক্রিকেটার রওনা হলেও তারা এখনো দলের সঙ্গে যোগ দেননি।
ডারউইনে প্রথম দিনের অনুশীলনে ক্রিকেটাররা ফিটনেস, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং দৌড়সহ বিভিন্ন অনুশীলনে অংশ নেন। বিসিবির ভিডিও বার্তায় তাইজুল বলেন, যাত্রাপথে ট্রানজিটে পর্যাপ্ত বিশ্রাম পাওয়ায় সফরটি স্বস্তিদায়ক ছিল। তাঁর ভাষায়, প্রথম দিনের অনুশীলনে উইকেট, ফিল্ডিং, রানিংসহ সব ধরনের কার্যক্রম ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং দলের প্রস্তুতি সন্তোষজনক।
বাংলাদেশ দল ৫ আগস্ট পর্যন্ত ডারউইনে অনুশীলন করবে। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই ম্যাচ শেষে আরও দুই দিন অনুশীলনের সুযোগ পাবে সফরকারীরা। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট এবং ২২ আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
তবে সফরের আগে চোটের ধাক্কাও সামলাতে হচ্ছে বাংলাদেশকে। পেসার নাহিদ রানা পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। লিটন দাস ও শরীফুল ইসলামও শুরুতে অনিশ্চয়তায় ছিলেন। পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি হওয়ায় লিটনকে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে। শরীফুল দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ দিতে পারেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত দুই দলের মধ্যে ছয়টি টেস্ট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে একটি, ২০১৭ সালে মিরপুরে। বাকি পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া, যার তিনটিতে তারা ইনিংস ব্যবধানে জয় তুলে নিয়েছিল।
মতামত দিন