ডিএফসি থেকে অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) থেকে অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। সোমবার (১৬ নভেম্বর) সংস্থাটি ঘোষণা দেয়, এখন থেকে বাংলাদেশের প্রকল্পগুলো ডিএফসির অর্থায়নের জন্য বিবেচিত হতে পারবে।
ডিএফসির মতে, এই যোগ্যতা অর্জনের ফলে বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মধ্য দিয়ে বাংলাদেশের বড় অর্থনৈতিক উন্নয়নের চাহিদা মেটাতে সংস্থাটির সহায়তার সুযোগ তৈরি হয়েছে।
এক বিবৃতিতে ডিএফসির প্রধান নির্বাহী বেন ব্ল্যাক বলেন, দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব গভীর করা এবং স্থায়ী প্রবৃদ্ধি আনতে সক্ষম বেসরকারি বিনিয়োগ টানার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এটি। তাঁর ভাষ্য, গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে সহায়তার মাধ্যমে বাংলাদেশে অর্থনৈতিক সুযোগ তৈরি হবে, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে যাবে।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়াবে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তার ক্ষেত্রে ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ যুক্তরাষ্ট্রের প্রকাশ্য প্রতিশ্রুতি। ডিএফসির অর্থায়ন সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।
ডিএফসি জানায়, তাদের অর্থায়ন ও ঝুঁকি-সুরক্ষা সুবিধা এমন প্রকল্পের বিনিয়োগ-ঘাটতি পূরণে সহায়ক হবে, যেগুলো অর্থায়নের সীমাবদ্ধতায় আটকে যেতে পারে। বাণিজ্যিকভাবে টেকসই ও উন্নয়নমুখী প্রকল্প যেসব ঝুঁকি বা বাধার কারণে বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করতে পারে না, সেগুলো কাটাতে সহায়তা করবে সংস্থাটি। এসব বিনিয়োগ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার পরিধি বাড়ানো ও স্থানীয় ব্যবসা শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সংস্থাটি আরও জানায়, দক্ষিণ এশিয়ায় তাদের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে সহায়তার মাধ্যমে অঞ্চলের স্থিতিশীলতা বাড়ায়। অর্ধেকের বেশি বিশ্ব জনসংখ্যা ও কিছু দ্রুতবর্ধনশীল অর্থনীতির আবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত মার্কিন বিনিয়োগের বড় সুযোগ রয়েছে বলেও জানায় ডিএফসি।
যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগ শাখা হিসেবে পরিচিত ডিএফসি বেসরকারি পুঁজি সংগ্রহ করে মার্কিন পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেয়।
উল্লেখ্য, ২০২২ সালে শ্রম অধিকারের উদ্বেগের কারণে বাংলাদেশকে ডিএফসির অর্থায়নের অযোগ্য বলে জানিয়েছিলেন মার্কিন কর্মকর্তারা। সম্প্রতি বাংলাদেশ সরকার এ যোগ্যতা অর্জনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করে আসছিল।
মতামত দিন