Views Bangladesh Logo

বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় বাংলাদেশের

 VB  Desk

ভিবি ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা ছয়টি ম্যাচে হেরে গেছে সাকিব আল হাসানের দল। আজ কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের হারে বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিশ্চিত করেছে বাংলাদেশ।

বাংলাদেশের দেওয়া ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের ভিত গড়ে দেন পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান ও আবদুল্লাহ শফিক। এই দুই ব্যাটারের ফিফটির পর মেহেদি হাসান মিরাজ একাই ৩ উইকেট শিকার করলেও ৩২.৩ ওভারে ৭ উইকেটের জয় ছিনিয়ে নেন বাবর আজমের দল।

উদ্বোধনী জুটিতে ফখর-শফিক দুজনে মিলে ১২৮ রানের জুটি গড়েন। মিরাজের বলে আউট হওয়ার আগে শফিক খেলেছেন ৬৮ রানের ইনিংস। এরপর বাবর আজম এসে খুব বেশি কিছু করতে পারেননি। ১৬ বলে ৯ করেই ফিরে গিয়েছেন সাজঘরে। এবারও উইকেট মিরাজের। আর সেঞ্চুরির দিকে ছুটতে থাকা ফখর জামান থেমেছেন ৮১ রানে। তাকেও ফিরিয়েছেন মিরাজই।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল খুবই বাজে। প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির শিকারে পরিণত হন ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর তৃতীয় ওভারে নাজমুল হোসেন শান্তকেও সাজঘরে ফেরান আফ্রিদি। দলীয় ২৩ রানে মুশফিকুর রহীম হারিস রউফের শিকারে পরিণত হলে ২৩ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে ৭৯ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাস। ৪৫ রানে লিটন আউট হয়ে গেলে ভাঙ্গে এই জুটি। দলীয় সর্বোচ্চ ৫৬ রান করে বিদায় নেন মাহমুদউল্লাহও। এরপর সাকিব ও মিরাজের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে বাংলাদেশ। ৪৩ রান করে আউট হন সাকিব। মিরাজও যেতে পারেননি বেশিদূর, তিনি থেমেছেন ২৫ রানে। ৫০ ওভার খেলতে পারিনি বাংলাদেশ। ৪৫ দশমিক ১ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে যায় তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ