Views Bangladesh Logo

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল বাংলাদেশ। রোমাঞ্চকর সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের টানা তৃতীয় ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

বুধবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের ২৩তম মিনিটে কর্নার থেকে গীতা রানার গোলে এগিয়ে যায় নেপাল। দীপা শাহির নেওয়া কর্নার থেকে পায়ের টোকায় বল জালে পাঠিয়ে দলকে লিড এনে দেন তিনি। গোল হজমের পর বেশ চাপে পড়ে বাংলাদেশ এবং প্রথমার্ধের বেশির ভাগ সময় নেপালের আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকতে হয়।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে জাদুকরী এক গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরান ঋতুপর্ণা চাকমা। কর্নার কিক থেকে সরাসরি বল জালে জড়িয়ে ‘অলিম্পিক গোল’ করেন তিনি। তার সেই অসাধারণ গোলে ১-১ সমতায় থেকে বিরতিতে যায় বাংলাদেশ।


দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না। ৭৮তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সাগরিকা, কিন্তু তার শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন নেপালের অধিনায়ক ও গোলরক্ষক সুব্বা।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখনই আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়রের বাড়ানো বলে সাগরিকা নেপালের দুই ডিফেন্ডারের চাপের মধ্যেও বল জালে জড়িয়ে দেন। তাঁর সেই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে নেপালকে হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশের মেয়েরা।

ম্যাচে বাংলাদেশের হয়ে গোল দুটি করেন ঋতুপর্ণা চাকমা ও সাগরিকা। আর নেপালের একমাত্র গোলটি আসে গীতা রানার পা থেকে।

চার বছরের গৌরবময় শিরোপা-রাজত্ব ধরে রাখার মিশনে আর মাত্র এক ধাপ দূরে এখন বাংলাদেশ। ফাইনালে জিতলেই দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের মুকুট আরও একবার ধরে রাখবে লাল-সবুজের দল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ