উজবেকিস্তানকে হারিয়ে ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ
পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে উজবেকিস্তানকে টানা তিন সেটে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে খেলেছে বাংলাদেশ। প্রথম সেটে ২৫-২১, দ্বিতীয় সেটে ২৫-২০ এবং তৃতীয় সেটে ২৫-১৯ পয়েন্টে জয় তুলে নিয়ে ৩-০ সেটের ব্যবধানে ম্যাচ নিজেদের করে নেয় দল।
চলতি টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা পঞ্চম জয়। এর আগে লিগ পর্বে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।
এবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল। এদিকে ফাইনালে ওঠার কৃতিত্বে খেলোয়াড়, কোচিং স্টাফ ও দলীয় কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচেও দল এই ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা প্রকাশ করেছে ফেডারেশন।
মতামত দিন