প্রথম ওয়ানডেতে রোমাঞ্চকর জয়ে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শারমিন আক্তারের দুর্দান্ত ফিফটি এবং স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারির কার্যকর ইনিংসে বড় জয়ের পথেই ছিল বাংলাদেশ নারী দল। তবে ম্যাচের শেষ দিকে মাত্র ২ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে নাটকীয়তা তৈরি করে শ্রীলঙ্কা। সব উত্তেজনার পর শেষ পর্যন্ত সোমবার (২০ এপ্রিল) রাজশাহীতে ৩ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।
বাংলাদেশের রান তাড়া ভালোভাবে শুরু হয়নি। প্রথম দুই ওভারেই দুই ওপেনার সাজঘরে ফেরেন। দ্রুত বিদায় নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। ফলে শুরুতেই চাপে পড়ে যায় দল। শারমিন সুলতানা (০), জুইয়ারিয়া ফেরদৌস (৫) ও নিগার সুলতানা জ্যোতি (১৩) ফিরে যান প্যাভিলিয়নে।
৩ উইকেটে ৩৪ রান অবস্থায় শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি দলকে পথ দেখান। দুজন মিলে গড়েন ৮৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। ৫৬ বলে ৪১ রান করে ইনজুরির কারণে মাঠ ছাড়েন সোবহানা।
এরপর স্বর্ণা আক্তারকে নিয়ে ৬৮ রানের জুটি গড়ে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান শারমিন আক্তার। তবে জয় দেখে যেতে পারেননি তিনি। ফিফটি পূরণের পর ৮৬ রানে তার ইনিংস শেষ হয়। ১২৭ বলের অসাধারণ ইনিংসে তিনি মারেন ১৩টি চার।
এরপর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। স্বর্ণা আক্তার (৩৫), রাবেয়া (১) ও রিতুমনি (০) মাত্র ২ রানের মধ্যে আউট হন। পরে নাহিদা আক্তার সুলতানা খাতুনকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক হাসিনি পেরেরা। দলটির হয়ে দুটি অর্ধশতক আসে। হানসিমা করুনারত্নে সর্বোচ্চ ৫৪ রান করেন। ইমেশা দুলানি করেন ৫২ রান। এছাড়া কাভিশা দিলহারি ৩০, হাসিনি পেরেরা ২৭ ও কাউশানি ১৮ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
বাংলাদেশের হয়ে রিতুমনি নেন ৩ উইকেট। নাহিদা আক্তার শিকার করেন ২টি উইকেট। এছাড়া আরও চার বোলার একটি করে উইকেট নেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে