ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
৪ উইকেটে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের যুবারা। এ নিয়ে দ্বিতীয়বার এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন টস জিতে আগে বোলিং নিয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। তবে ভারতীয় ব্যাটিংয়ে ধস নামান বাংলাদেশের বাঁহাতি পেসার মারুফ মৃধা। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ১৮৮ রানে থামে ভারতের ইনিংস।
জবাবে মাঝারি লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে আরিফুল ইসলাম ও আহরার আমিনের যুগলবন্দীতে বিপদ কাটিয়ে দাপট দেখানো শুরু করে বাংলাদেশ। শুরুতে সময় নিলেও আরিফুল সেট হওয়ার পর চার-ছক্কায় দ্রুত রান বাড়াতে থাকে। আর আরিফুলও বাজে বলে ছক্কা হাকাতে থাকেন। যদিও তিন অংক স্পর্শ করতে পারেননি। আউট হওয়ার আগে ৯০ বল খেলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৯৪ রান করেন আরিফুল।
আরিফুল যখন আউট হন তখন জয়ের জন্য দরকার ১৭ রান। সেই রান তুলতে আরও ২টি উইকেট হারায় বাংলাদেশ। তবে অধিনায়ক মাহফুজুর (৩ *) ও শেখ পারভেজ (২ *) অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে