জ্বালানি সংকটের কারণে বার কাউন্সিল নির্বাচন স্থগিত
জ্বালানি সংকটের কারণে নির্বাচনী প্রচারে বিঘ্ন ঘটার শঙ্কায় বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিল ভবনে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে সাধারণ আসনের সাতটি ও আঞ্চলিক আসনের সাতটি পদে অংশগ্রহণকারী প্রার্থীদের দেশব্যাপী নির্বাচনী প্রচার কার্যক্রম ব্যাপকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার থেকে নির্বাচন স্থগিতের আবেদন ও অনুরোধ জানানো হয়।’
এতে সার্বিক পরিস্থিতি ও অনুরোধগুলো ‘যথাযথভাবে বিবেচনায় নিয়ে’ ১৯ মের ভোটগ্রহণ স্থগিত করার কথাও বলা হয়েছে।
এর আগে গত ২ এপ্রিল বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে এক সভায় ১৯ মে বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ নির্ধারণ করা হয়েছিল।
ওই সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ এস এম বখতিয়ার আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আবদুল আল মামুন, রিলিফ কমিটির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম এবং রোল ও পাবলিকেশন কমিটির চেয়ারম্যান মো. মাহফুজ আহসানসহ অন্য সদস্যরা। পরে গত ৭ এপ্রিল বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে