Views Bangladesh Logo

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে ২৫ হাজার ৯০০ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা গত অর্থবছরে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক প্রায় ২৫ হাজার ৯০০ কোটি টাকা নিট মুনাফা করেছে। আগের অর্থবছর ২০২৪-২৫-এ এই মুনাফার পরিমাণ ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে প্রায় ৩ হাজার ২৮০ কোটি টাকা।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব অনুমোদন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। একই সভায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ছয় গুণ হারে প্রণোদনা বোনাস দেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের আয় বাড়ার পেছনে অন্যতম ভূমিকা রেখেছে ব্যাংক খাতে তারল্যসংকট। তারল্যের চাহিদা মেটাতে বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে আগের তুলনায় বেশি অর্থ ধার করেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ থেকে সুদ বাবদ আয়ও বেড়েছে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা থেকেও আয় হয়েছে বাংলাদেশ ব্যাংকের। রিজার্ভের একটি অংশ বিভিন্ন দেশের আর্থিক ও বিনিয়োগ খাতে রাখা হয়। এসব বিনিয়োগ থেকে পাওয়া আয় এবং ঋণ ব্যবস্থাপনা থেকে বাড়তি সুদ, উভয়ের প্রভাবেই গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা বাড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বাড়াকে অর্থনীতির সামগ্রিক সুস্থতার সরাসরি সূচক হিসেবে দেখার বিষয়ে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা করা নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতের তদারকি ও নিয়ন্ত্রণ, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং উৎপাদনশীল খাতে অর্থায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করাই এর প্রধান দায়িত্ব।

অর্থনীতিবিদদের মতে, ব্যাংক খাতে তারল্যসংকট তৈরি হওয়ায় বাংলাদেশ ব্যাংককে বেশি অর্থ সরবরাহ করতে হয়েছে। এর ফলে সুদ আয় বাড়লেও এর সঙ্গে ব্যাংক খাতের বিদ্যমান দুর্বলতার সম্পর্ক রয়েছে। তাই মুনাফা বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত দায়িত্ব ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃত মুনাফা ছিল প্রায় ৪০ হাজার কোটি টাকা এবং নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে নিট মুনাফা বেড়ে ২২ হাজার ৬২০ কোটি টাকায় দাঁড়ায়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা আরও ৩ হাজার ২৮০ কোটি টাকা বেড়ে ২৫ হাজার ৯০০ কোটি টাকায় পৌঁছেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ