ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি থেকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে তৃতীয় পক্ষ বা অননুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে প্লাস্টিক কার্ডকে ‘মেটাল কার্ডে’ রূপান্তরের প্রলোভন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি কিছু অননুমোদিত থার্ড-পার্টি প্রতিষ্ঠান গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রস্তাব দিচ্ছে। এ প্রক্রিয়ায় গ্রাহকদের কাছ থেকে কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ, সিভিভি নম্বরসহ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা বড় ধরনের আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে।
বাংলাদেশ ব্যাংক জানায়, এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত নয়। ফলে এসব সেবার মাধ্যমে কার্ড তথ্য ফাঁস, জালিয়াতি, অননুমোদিত লেনদেন এবং গ্রাহকের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এ ধরনের ঝুঁকি এড়াতে গ্রাহকদের শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেলের মাধ্যমেই কার্ড সংক্রান্ত সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, কোনো অবস্থাতেই ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড), কার্ড নম্বর বা সিভিভি নম্বর কারও সঙ্গে শেয়ার করা যাবে না।
সন্দেহজনক কোনো কার্যক্রম দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার আহ্বানও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে