অবৈধ ডিজিটাল ঋণদানকারী অ্যাপ ও প্ল্যাটফর্ম নিয়ে বিএফআইইউর সতর্কতা
মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সহজ শর্তে দ্রুত ঋণের প্রলোভন দেখানো অনুমোদনহীন ঋণদানকারী প্রতিষ্ঠানের বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জারি করা এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, অনুমোদনহীন এসব প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, অবৈধ আর্থিক লেনদেন এবং ঋণ পরিশোধের নামে অতিরিক্ত অর্থ আদায়ের মতো ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে।
বিএফআইইউ স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশে ঋণ প্রদান একটি সংবিধিবদ্ধ আর্থিক কার্যক্রম। বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা মেনে চলা ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, মোবাইল অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্মের ঋণ দেওয়ার কোনো আইনি বৈধতা নেই। মোবাইল অ্যাপ বা অনলাইন সেবার মাধ্যমে ঋণ প্রদানের জন্য এখন পর্যন্ত কোনো অননুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্মকে অনুমোদন দেওয়া হয়নি।
আর্থিক গোয়েন্দা সংস্থাটির মতে, কিছু অননুমোদিত অ্যাপ ব্যবহারকারীর মোবাইল থেকে ব্যক্তিগত তথ্য, কন্টাক্ট লিস্ট, ছবিসহ অত্যন্ত সংবেদনশীল ডেটা হাতিয়ে নেয়। পরবর্তীতে ঋণ আদায়ের অজুহাতে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও নানাভাবে হয়রানি করা হয়।
বিএফআইইউ আরও জানায়, এসব কর্মকাণ্ড কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্যই হুমকি নয়, বরং অর্থপাচার এবং আর্থিক অপরাধের ঝুঁকিও তৈরি করে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী প্রতারণামূলক উপায়ে অর্থ আত্মসাৎ মানিলন্ডারিং সম্পর্কিত একটি সম্পৃক্ত অপরাধ এবং আইনত দণ্ডনীয়।
এই পরিস্থিতিতে অপরিচিত কোনো মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ঋণ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে অ্যাপ ব্যবহারের নামে মোবাইল ফোনে থাকা ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের কপি বা ব্যাংক হিসাবের বিস্তারিত কারো সাথে শেয়ার না করতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
এছাড়া ঋণ অনুমোদনের আগেই কোনো প্ল্যাটফর্ম যদি জামানত, রেজিস্ট্রেশন ফি বা প্রসেসিং ফি দাবি করে, তবে সেক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যে ৩১টি অবৈধ অ্যাপ চিহ্নিত করেছে বিএফআইইউ। এসবের মধ্যে রয়েছে সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোনের মতো একাধিক প্ল্যাটফর্ম।
অনুমোদনহীন কোনো প্ল্যাটফর্ম থেকে ঋণ নিয়ে কেউ প্রতারিত হলে বা এ ধরনের অবৈধ কার্যক্রমের তথ্য থাকলে তা অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেছে বিএফআইইউ। একই সাথে ডিজিটাল মাধ্যমে বেআইনি ঋণ ব্যবসা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানানো হয়েছে।
মতামত দিন