Views Bangladesh Logo

‘নমুনা নোট’ ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও বা ছবি শেয়ারে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নমুনা নোট’ ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও, ছবি ছড়ানোর বিষয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এসব কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বাড়িয়ে সামগ্রিক মুদ্রা ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন বিভাগের সহকারী মুখপাত্র সাঈদা খানমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ও ছবি দেখা যাচ্ছে, যেখানে আসল নোটের ডিজাইন ও আকারের অনুরূপ ‘নমুনা নোট’ ব্যবহার করে মার্কেটিং প্রচারণা বা কন্টেন্ট তৈরি করা হচ্ছে। এছাড়া, বাজারে বা উন্মুক্ত স্থানে আসল টাকার সদৃশ কাগজ ব্যবহার করে ব্যবসায়িক প্রচারণা চালানোর ঘটনাও লক্ষ্য করা যাচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বৃদ্ধিতে সহায়ক হিসেবে সামগ্রিক মুদ্রা ব্যবস্থাকে অস্থিতিশীল করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আসল নোট সদৃশ কাগজ তৈরি, ব্যবহার বা প্রচারণা আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪৮৯(ঙ) অনুযায়ী এরূপ কর্মকাণ্ড করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, ডিজিটাল মাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ধারা ২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। জনসাধারণকে জাল নোট প্রচলন প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি ও অননুমোদিত প্রচারণা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ