কর্মসংস্থান রক্ষায় বড় শিল্পগোষ্ঠীকে নীতিগত সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের বৃহৎ শিল্প ও ব্যবসায়িক গ্রুপগুলোর উৎপাদন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, বড় শিল্পগোষ্ঠীগুলো অনেক সময় এমন জটিলতায় পড়ে, যা তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব হয় না। তবে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন জটিলতা নিরসনে প্রয়োজনীয় নীতিগত সহায়তার মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করবে।
বাংলাদেশ ব্যাংকের মতে, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিল্পগোষ্ঠীগুলো সাময়িক আর্থিক সংকটে পড়লেও তাদের উৎপাদন কার্যক্রম যেন ব্যাহত না হয় এবং বাজারে পণ্য ও সেবার সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
মুখপাত্র আরও বলেন, বড় শিল্পগোষ্ঠীগুলোর সঙ্গে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান, ব্যাংক খাতের বড় অঙ্কের ঋণ এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। ফলে কোনো প্রতিষ্ঠান সাময়িক সংকটে পড়লে তার প্রভাব পুরো অর্থনীতিতে পড়তে পারে। এ বিষয়টি বিবেচনায় রেখেই প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বর্তমানে দেশের কয়েকটি বড় শিল্পগোষ্ঠী উচ্চ সুদের ব্যাংকঋণ, রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে আর্থিক চাপের মুখে রয়েছে। বিশেষ করে সিটি গ্রুপের প্রায় ২৫ হাজার কোটি টাকার ঋণের বিষয়টি আলোচনায় এসেছে। এ প্রেক্ষাপটে ঋণ পুনর্গঠন এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সহায়তার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সহায়তার অংশ হিসেবে ঋণদাতা ব্যাংকগুলোর মধ্যে সমন্বয়, ঋণ পুনর্গঠনের সুযোগ, প্রয়োজনীয় নিয়ন্ত্রক সুবিধা এবং উৎপাদন কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে, এই উদ্যোগ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নয়। বরং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখা, কর্মসংস্থান রক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
মতামত দিন