Views Bangladesh Logo

প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

দেশের প্রতিটি উপজেলা থেকে সম্ভাবনাময় ১০ জন করে তরুণ উদ্যোক্তা বাছাই করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচিত উদ্যোক্তারা ব্যবসার ধরন ও প্রয়োজন অনুযায়ী ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এ অর্থের মধ্যে ঋণের পাশাপাশি শর্তসাপেক্ষ অনুদানও থাকবে।

‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামে এ উদ্যোগটি প্রথমে দেশের আট বিভাগের আটটি জেলায় পরীক্ষামূলকভাবে চালু করা হবে। প্রাথমিক পর্যায়ের কার্যক্রম সফল হলে ধাপে ধাপে দেশের সব জেলা ও উপজেলায় কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্যোক্তার ব্যবসার ধরন ও অর্থের প্রয়োজন বিবেচনা করে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। যে খাতে উদ্যোক্তা ব্যবসা করবেন, সেই খাতের জন্য নির্ধারিত পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণের ব্যবস্থা করা হবে। এ ঋণের সুদের হার ৪ থেকে ৭ শতাংশের মধ্যে থাকবে। ঋণ পেতে উদ্যোক্তাদের কোনো সহায়ক জামানত দিতে হবে না।

কর্মসূচির আওতায় অর্থায়নের একটি অংশ অংশগ্রহণকারী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে দেওয়া হবে। অনুদানের অর্থ নির্ধারিত ব্যবসায়িক কাজে যথাযথভাবে ব্যবহার করা হলে তা ফেরত দিতে হবে না। তবে অর্থ নির্ধারিত উদ্দেশ্যের বাইরে ব্যয় করা হলে সেই অনুদান ঋণে রূপান্তরিত হবে।

শুরুতেই অনুদানের একটি অংশ উদ্যোক্তাদের হাতে দেওয়া হবে। অবশিষ্ট অর্থ পৃথক হিসাবে সংরক্ষণ করা হবে। উদ্যোক্তার ঋণ পরিশোধের আগ্রহ, ব্যবসার অগ্রগতি ও নির্ধারিত মূল্যায়নের ফল বিবেচনা করে পরবর্তী সময়ে ওই অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০ আগস্টের সভার কার্যবিবরণী অনুযায়ী, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে ব্যবসার সম্ভাবনাময় ধারণা থাকা অনেক তরুণ পর্যাপ্ত মূলধন, ব্যবসায়িক পরামর্শ, যোগাযোগের সুযোগ ও প্রাতিষ্ঠানিক অর্থায়নের অভাবে উদ্যোগ বাস্তবায়ন করতে পারেন না।

এ সমস্যা কাটাতে সম্ভাবনাময় তরুণদের কাছ থেকে আবেদন আহ্বান করা হবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকা তৈরি করে উদ্যোক্তা চূড়ান্ত করা হবে। ব্যবসার সম্ভাবনা, প্রকৃত অর্থের প্রয়োজন এবং ঋণ পরিশোধের সক্ষমতাকে নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্ব দেওয়া হবে।

প্রতিটি জেলার একটি ব্যাংক কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে। তবে উদ্যোক্তা বাছাইয়ের পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা কার্যালয়, দায়িত্বপ্রাপ্ত ব্যাংক এবং বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের আট বিভাগে ৬৪টি জেলায় মোট ৫০৩টি উপজেলা রয়েছে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৫ হাজার ৩০ জন তরুণ উদ্যোক্তাকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ কর্মসূচির জন্য ৫০০ কোটি টাকার তহবিল অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর অর্ধেক অর্থাৎ ২৫০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক দেবে। বাকি ২৫০ কোটি টাকা সরবরাহ করবে কর্মসূচিতে অংশ নেওয়া ব্যাংকগুলো। এ ছাড়া তহবিলের একটি অংশ বাংলাদেশ ব্যাংক ও অংশগ্রহণকারী ব্যাংকগুলোর সিএসআর খাত থেকেও আসবে।

কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক ও অন্যান্য ব্যয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। উপজেলা পর্যায়ে উদ্যোক্তা অনুসন্ধান ও প্রচার, আবেদন যাচাই, সভা-সেমিনার, কর্মশালা, ব্যবসায়িক ধারণা মূল্যায়ন এবং উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের ব্যয় বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই তহবিল থেকে বহন করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ