নতুন মুদ্রানীতি ঘোষণা আজ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য সামনে রেখে আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের জন্য এ মুদ্রানীতি ঘোষণা করা হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি ও বেসরকারি খাতের ঋণপ্রবাহের দিকে বিশেষ নজর থাকবে। দেশে মূল্যস্ফীতি ৮ শতাংশের ওপরে থাকলেও জুলাই শেষে বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৬২ শতাংশ। জুনে এই হার ছিল ৪ দশমিক ৪৭ শতাংশ।
চলতি বছরের ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৮০ শতাংশ। তবে বিনিয়োগে স্থবিরতা, ব্যবসায়িক অনিশ্চয়তা, জ্বালানি সংকট ও উচ্চ সুদহারের কারণে উদ্যোক্তাদের নতুন ঋণ নেওয়ার আগ্রহ কমেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগে বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে গত ২ আগস্ট নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ করা হয়েছিল। নতুন মুদ্রানীতিতে এই সুদহার অপরিবর্তিত রাখা হবে, নাকি আরও সমন্বয় করা হবে—সেদিকে ব্যাংকার ও ব্যবসায়ীদের নজর রয়েছে।
এদিকে আগস্টে দেশে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাইয়ের ৮ দশমিক ৩২ শতাংশের চেয়ে কম। এটিই গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি। তবে ৮ শতাংশের বেশি মূল্যস্ফীতি এখনো মানুষের জীবনযাত্রার ব্যয়ে চাপ তৈরি করছে।
এ অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ঋণপ্রবাহ ও বিনিয়োগ বাড়ানোর মধ্যে কীভাবে ভারসাম্য রাখা হয়, সেটিই নতুন মুদ্রানীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
মতামত দিন