Views Bangladesh Logo

ফল আমদানিতে শতভাগ মার্জিনের শর্ত তুলে নিল বাংলাদেশ ব্যাংক

ফল আমদানির ক্ষেত্রে এলসি (লেটার অব ক্রেডিট) খুলতে আর শতভাগ নগদ মার্জিন রাখতে হবে না। বাংলাদেশ ব্যাংক এ শর্ত প্রত্যাহার করে নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্ক এবং ঝুঁকি বিবেচনায় মার্জিন নির্ধারণ করা যাবে।

রোববার জারি করা সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, শিশু, রোগী, বয়স্ক ও গর্ভবতী নারীদের পুষ্টি চাহিদা বিবেচনায় ফল আমদানি সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বাজারে ফলের সরবরাহ বাড়বে, প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও ডলার সংকটের কারণে ফলসহ কিছু বিলাসজাতীয় ও আমদানি বিকল্প পণ্যের ওপর শতভাগ নগদ মার্জিন আরোপ করা হয়েছিল। বর্তমানে বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরে আসায় ফলের ক্ষেত্রে সেই বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

তবে অন্যান্য বিলাসজাতীয় পণ্যের আমদানির ক্ষেত্রে আগের শতভাগ মার্জিনের নিয়ম অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ