Views Bangladesh Logo

ক্রেডিট কার্ডে ঋণের সর্বোচ্চ সীমা বেড়ে ৪০ লাখ

বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ড সংক্রান্ত নতুন নীতিমালা জারি করেছে। নতুন নীতিমালার অধীনে ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ঋণের সীমা বেড়ে ৪০ লাখ টাকা করা হয়েছে, যেখানে আগে সর্বোচ্চ সীমা ছিল ২০ লাখ টাকা। এসব ঋণের সুদ সর্বোচ্চ ২৫ শতাংশ ধার্য করা হয়েছে। রোববার এ নীতিমালা করা হয়।

নতুন নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলো ক্রেডিট কার্ডের বিপরীতে জামানতহীন ২০ লাখ টাকা এবং জামানতের বিপরীতে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ দিতে পারবে। কার্ডধারীরা তাঁদের মোট সীমার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

নীতিমালায় বলা হয়েছে, সুদ শুধুমাত্র বকেয়া টাকার ওপর আরোপ করা হবে এবং নগদ উত্তোলনের ক্ষেত্রে সুদহীন সুবিধা প্রযোজ্য হবে না। এছাড়া, কোনো ধরনের ফি বা মাশুল কার্ড সচল করার আগে আরোপ করা যাবে না। বিল পরিশোধে বিলম্ব হলে বিলম্ব ফি একবারের বেশি আরোপ করা যাবে না।

গ্রাহক সুরক্ষার জন্য নির্দেশনা জারি করা হয়েছে—কার্ড হারানো বা চুরি হলে ২৪ ঘণ্টা হেল্পলাইন ব্যবস্থা চালু থাকবে। পাওনা আদায়ের সময় মানসিক বা শারীরিক হয়রানি, হুমকি, কিংবা পরিবারের সদস্যদের গোপনীয়তা লঙ্ঘন করা যাবে না।

ক্রেডিট কার্ড পেতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা প্রধান কার্ডধারীর ওপর নির্ভরশীল হয়ে সম্পূরক কার্ড ব্যবহার করতে পারবে। আবেদনকারীর ই-টিন সনদ ও পরিষ্কার সিআইবি রিপোর্ট থাকা আবশ্যক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নীতিমালার লক্ষ্য হলো আর্থিক স্থিতিশীলতা রক্ষা ও স্বচ্ছ নগদহীন অর্থ লেনদেনের পরিবেশ গড়ে তোলা। ২০০৪ সালের আগের নীতিমালা বাতিল করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ