বাংলা কিউআরে মার্চেন্ট চার্জ শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা
ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারকারী মার্চেন্টদের জন্য মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্টে উৎসাহিত করতে ১০০ কোটি টাকার একটি ভর্তুকি তহবিল গঠনের কথাও জানান তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বাংলা কিউআর ফ্রেমওয়ার্কের রূপরেখা ও আর্থিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা’ শীর্ষক এক আলোচনায় শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন গভর্নর।
আলোচনায় গভর্নর আরও জানান, আগামী বছর নাগাদ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালু হতে যাচ্ছে, যার মাধ্যমে অপারেটর-টু-অপারেটর লেনদেন আরও সহজ ও গতিশীল হবে। ভবিষ্যতে ‘এক নাগরিক, এক পরিচয়পত্র, এক ওয়ালেট’ নীতির আওতায় সব ধরনের হিসাব লেনদেন ব্যবস্থা একীভূত করার পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া যাদের অ্যানড্রয়েড ফোন নেই, তাদের কাছেও ডিজিটাল পেমেন্ট সহজলভ্য করতে জরিপ চালানো হচ্ছে এবং ইন্টারনেট ছাড়াই অ্যাপ ব্যবহারের সুযোগ বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।
উল্লেখ্য, গত ১ জুলাই থেকে অ্যাপভিত্তিক আন্তঃপরিশোধ ব্যবস্থায় বাংলা কিউআর বাধ্যতামূলক করার পাশাপাশি মার্চেন্ট পর্যায়ের লেনদেনে ন্যূনতম ১ শতাংশ সার্ভিস চার্জ নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। ক্যাশলেস লেনদেন উৎসাহিত করার এই উদ্যোগের মধ্যেই চার্জ আরোপ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়, যার প্রেক্ষাপটেই ক্ষুদ্র ব্যবসায়ীদের বাড়তি খরচের চাপ কমাতে এই ভর্তুকির উদ্যোগ নিল কেন্দ্রীয় ব্যাংক।
২০২৩ সালে চালু হওয়া বাংলা কিউআর বর্তমানে ৩৭টি ব্যাংকের সঙ্গে যুক্ত, আর দেশজুড়ে ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান মিলে প্রায় ২৩ লাখ বাংলা কিউআর বসিয়েছে। নির্ধারিত সময়ে এই ব্যবস্থা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানার মুখে পড়তে হবে বলেও জানানো হয়েছে।
মতামত দিন