৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকা ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক, চলতি সপ্তাহেই স্কিম ঘোষণা
বছরের পর বছর ধরে অনিয়ম ও লুটপাটে বিপর্যস্ত দেশের চারটি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলোর অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে পিপলস লিজিং (আবিবা), ফারইস্ট ফিন্যান্স, এফএএস ফিন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ে ইতিমধ্যে প্রশাসক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই আমানত ফেরত সংক্রান্ত একটি স্কিম চূড়ান্ত করে ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে সরকারের অনুমোদন ও প্রয়োজনীয় তহবিল ছাড় হওয়া মাত্রই গ্রাহকদের অ্যাকাউন্টে পর্যায়ক্রমে টাকা পৌঁছানো শুরু হবে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদমাধ্যমকে বলেন, ‘এখন আমরা একটি স্কিম তৈরি করব, যেভাবে আমরা পাঁচ ব্যাংকের জন্য করেছিলাম এটি একই আদলে, অনুরূপ না। এটির জন্য আমরা স্কিম করব এবং সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ প্রাপ্তির পরেই এই স্কিমটা ঘোষণা করা হবে এবং সেই অনুযায়ী যারা আমানতকারী তাদের অর্থ পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে।’
প্রস্তাবিত স্কিমের আওতায় যেসব ব্যক্তিগত আমানতকারীর জমানো টাকার পরিমাণ ১০ লাখ টাকা পর্যন্ত, তারা পুরো অর্থই ফেরত পাবেন। এছাড়া ২০ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে প্রথম ধাপে ৯০ শতাংশ এবং ৩০ লাখ টাকার আমানতকারীরা পাবেন ৮৫ শতাংশ অর্থ। আমানতের পরিমাণ যত বেশি হবে, প্রথম ধাপে অর্থ পরিশোধের শতাংশ তত কমতে থাকবে।
টাইমলাইন ও পরিশোধের পদ্ধতি সম্পর্কে আরিফ হোসেন খান আরও বলেন, ‘এটা স্কিমের মধ্যেই পুরো টাইমলাইনটা উল্লেখ করা থাকবে, কারা পূর্ণাঙ্গ পাবে কারা আংশিক পাবে। যারা আংশিক পাবে তারা বাকি অংশ কবে পাবে, এবং আংশিক পেলে কত শতাংশ এখন পাবে, বাকি অংশ কবে পাবে-সবকিছু মিলেই একটা পূর্ণাঙ্গ স্কিম ঘোষিত হবে।’
কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ড. এম কে মুজেরি জানান, আমানতকারীদের জমানো অর্থ ফেরত দেওয়া অত্যন্ত জরুরি। যেকোনো উপায়ে আমানতকারীদের অর্থ পরিশোধ নিশ্চিত করে এসব অদক্ষ ও অকার্যকর প্রতিষ্ঠান অবসায়নের মাধ্যমে দ্রুত সমস্যা সমাধান করা প্রয়োজন।
উল্লেখ্য, ব্যক্তিশ্রেণির গ্রাহকদের অর্থ ফেরত প্রক্রিয়ার পাশাপাশি এই চার প্রতিষ্ঠানের সম্পদ মূল্যায়ন ও অবসায়ন প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার পর প্রাতিষ্ঠানিক আমানতকারীদের পাওনা অর্থ পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মতামত দিন