জাল নোট ঠেকাতে কোরবানির হাটে ব্যাংকের বুথ স্থাপনের নির্দেশ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বাজারে জাল নোটের বিস্তার রোধে কোরবানির পশুর হাটে ব্যাংকের বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১০ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, কোরবানির ঈদকে সামনে রেখে পশু কেনাবেচায় জাল নোটের ব্যবহার ঠেকাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পশুর হাটে নিরবচ্ছিন্ন নগদ অর্থ যাচাই সেবা নিশ্চিত করতে হবে। নির্দেশনায় প্রতিটি ব্যাংককে একজন অভিজ্ঞ ক্যাশ অফিসার নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে, যার নাম, পদবি এবং মোবাইল নম্বর আগামী ১৭ মে’র মধ্যে ইমেইলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, জেলা কর্তৃপক্ষ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদের আগের রাত পর্যন্ত এই বুথগুলো চালু রাখতে হবে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদিত পশুর হাটগুলোর জন্য নির্দিষ্ট ব্যাংকগুলোকে দায়িত্ব ভাগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঢাকার বাইরে দায়িত্ব বণ্টনের কাজ করবে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক অফিসগুলো। অন্যদিকে যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের শাখা নেই, সেখানে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে দায়িত্ব বণ্টনের কাজ করবে সোনালী ব্যাংক।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি এবং এবি ব্যাংক পিএলসিসহ বেশ কয়েকটি ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের ১৩টি পশুর হাটে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক পিএলসিসহ মোট ১৯টি ব্যাংক তাদের বুথ পরিচালনা করবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো ঈদের মৌসুমে পশুর হাটগুলোতে নগদ টাকার লেনদেন নিরাপদ করা এবং বাজারে জাল নোট ছড়িয়ে পড়ার ঝুঁকি হ্রাস করা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে