সুদহার নির্ধারণে নতুন রেফারেন্স রেট চালু করল বাংলাদেশ ব্যাংক
দেশের আর্থিক খাতে স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সুদের হার নির্ধারণে নতুন দুটি রেফারেন্স রেট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৩ এপ্রিল) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, মানি মার্কেটের জন্য প্রতিদিন ভিত্তিতে দুটি রেট নির্ধারণ ও প্রকাশ করা হবে।
নতুন এই রেট দুটি হলো—বাংলাদেশ ওভারনাইট ফিন্যান্সিং রেট এবং ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট।
বাংলাদেশ ব্যাংক বলেছে, ঋণচুক্তি, বন্ড, ফ্লোটিং রেটভিত্তিক আর্থিক পণ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সুদের হার নির্ধারণে দীর্ঘদিন ধরেই একটি গ্রহণযোগ্য ও বাজারভিত্তিক বেঞ্চমার্কের প্রয়োজন ছিল। এই উদ্যোগ সেই ঘাটতি পূরণে সহায়ক হবে।
এই দুটি রেট প্রকৃত আন্তঃব্যাংক লেনদেনের তথ্যের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে—যেখানে রিস্ক-ফ্রি এবং আনসিকিউরড লেনদেন উভয়ই বিবেচনায় নেওয়া হবে।
আগামী ১৫ এপ্রিল থেকে প্রতি কার্যদিবসে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এই রেট প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন রেফারেন্স রেট চালুর ফলে দেশের সুদহার নির্ধারণ প্রক্রিয়া আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে