বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কর্মস্থলে একটি সভায় উপস্থিত ছিলেন এবং তখন তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে।
পুলিশ ও সহকর্মীদের সূত্রে জানা যায়, সন্ধ্যায় তার স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এ সময় ছায়েদুর রহমান স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন। পরে বাসায় ফিরে তার স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রায় দুই বছর আগে ছায়েদুর রহমান বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান। তার তিন মেয়ে রয়েছেন। তাদের মধ্যে বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করছেন। মেজ মেয়ে একজন চিকিৎসক।
হালিশহর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধারের কারণ ও ঘটনার বিস্তারিত বিষয়ে তদন্ত শেষে আরও তথ্য জানা যাবে।
মতামত দিন