Views Bangladesh Logo

আরও ২ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

ডলারের বিনিময় হার ১২৪ টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ২ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৯ অক্টোবর) বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা দরে এসব ডলার বিক্রি করা হয়। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বাজারে ডলারের সরবরাহ বাড়িয়ে বিনিময় হার নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই কেন্দ্রীয় ব্যাংক এ উদ্যোগ নিয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করা হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে প্রতি ডলার ১২২ টাকা ৮০ পয়সা দরে বিক্রি করা হয়েছিল। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ টাকা ৬৫ পয়সায়। অর্থাৎ আগেরবারের তুলনায় প্রতি ডলারে ৮৫ পয়সা বেশি দাম পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় রাখা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম লক্ষ্য। ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ার চাপ তৈরি হলে বাজারে সরবরাহ বাড়াতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হয়। তবে এ ধরনের বিক্রির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা প্রভাব পড়ে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ