Views Bangladesh Logo

নির্বাচন ঘিরে ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং, এমএফএসে লেনদেনে কড়াকড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিন ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবায় (এমএফএস) কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এ সময় বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএস প্ল্যাটফর্মে ব্যক্তি থেকে ব্যক্তি (পি-টু-পি) অর্থ লেনদেন সীমিত থাকবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ–সংক্রান্ত নির্দেশনা জারি করে।

নির্দেশনা অনুযায়ী, সোমবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এমএফএস ও প্রিপেইড ইনস্ট্রুমেন্ট (পিপিআই) লেনদেনে বিশেষ সীমা কার্যকর থাকবে। একই সময়ে ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তর সম্পূর্ণ বন্ধ থাকবে।

এই সময় পি-টু-পি লেনদেনে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে। দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে, যার মোট সীমা হবে ১০ হাজার টাকা। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধে বিদ্যমান নিয়ম অনুযায়ী লেনদেন চালু থাকবে। এমএফএসের মাধ্যমে অন্যান্য সব ধরনের লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে বিশেষ ‘কুইক রেসপন্স সেল’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ে সব ধরনের লেনদেনের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।

সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এ সময় আইবিএফটির মাধ্যমে ব্যাংকিং লেনদেনও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী এমএফএস ও ব্যাংকগুলো প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। নির্ধারিত সময়সীমা শেষে স্বাভাবিক লেনদেন কার্যক্রম পুনরায় চালু হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ