নগদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের মামলা
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, ৬৪৫ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ নগদের বিরুদ্ধে এ মামলা করেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নগদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের মামলার বিষয়টি নিশ্চিত করেছন রাজধানীর মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।
তিনি জানান, ২৪ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে, যাদের মধ্যে ৯ জন বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও ডাক বিভাগের একজন সাবেক মহাপরিচালক।
মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নগদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নগদে প্রশাসক নিয়োগ দেয়। অভিযোগ, নগদের পরিচালন ব্যবস্থায় অনিয়ম আছে। নিরীক্ষায় নগদের বেশ কিছু আর্থিক অনিয়মের বিষয় বেরিয়ে আসে, যেমন ব্যাংকে নগদ অর্থ জমা না দিয়ে ৬০০ কোটি টাকার ই-মানি তৈরি করা। এ ছাড়া ৪১টি পরিবেশক হিসাব থেকে অননুমোদিতভাবে সরকারি ভাতার ১ হাজার ৭১১ কোটি টাকা তুলে নেয়ার ঘটনাও চিহ্নিত করা হয়েছে। এসব অনিয়মের ঘটনা উদ্ঘাটনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক আইনি ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে