Views Bangladesh Logo

ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের (বোর্ড) দায়িত্ব নিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। একই দিনে কেন্দ্রীয় ব্যাংক থেকে ইসলামী ব্যাংককে আরও ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ (তারল্য সহায়তা) দেওয়া হয়েছে। তবে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসেন জানিয়েছেন, গ্রাহকদের টাকা তোলার চাপ আগের চেয়ে অনেকটাই কমে এসেছে।

দায়িত্ব গ্রহণের পর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘এখন আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই।’

ব্যাংকের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে আমানতকারীদেরকে স্বাভাবিক লেনদেন চালিয়ে যাওয়ার অনুরোধ করেন তিনি।

যোগ্য ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের জন্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এ সময় ভারপ্রাপ্ত এমডি মো. আলতাফ হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বোর্ড গঠনের বিষয়ে জহির হোসেন জানান, ৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ বোর্ড গঠনের প্রক্রিয়া চলছে। তারা এমন সব নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দিতে চান যারা দক্ষতার সঙ্গে ব্যাংক পরিচালনা করতে পারবেন। শীঘ্রই একটি যোগ্য ও নিরপেক্ষ বোর্ড গঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে আরও ২,৫০০ কোটি টাকার তারল্য সহায়তা পাওয়া গেছে। এর আগের দিনও ব্যাংকটি ২,৫০০ কোটি টাকা পেয়েছিল, যার পুরোটা এখনো ব্যবহার করার প্রয়োজন হয়নি। তিনি আশা প্রকাশ করেন, যারা আতঙ্কের কারণে টাকা তুলে নিয়েছিলেন, তারা ব্যাংকের ওপর আস্থা ফিরে পেয়ে আবার চলে আসবেন।

একটি প্রধান শাখার তথ্য উল্লেখ করে আলতাফ হোসেন আরও জানান, অ্যাকাউন্ট বন্ধ করার হার প্রায় ৭৫ শতাংশ কমে গেছে, যা গ্রাহকদের আস্থা ফিরে আসার একটি ইতিবাচক লক্ষণ।

সাবেক চেয়ারম্যানের গাড়ি ব্যবহারের বিষয়ে তিনি জানান, ব্যাংকের নিয়ম অনুযায়ী চেয়ারম্যান গাড়ি ব্যবহার করেন। অপসারণের চিঠি হস্তান্তর করার সাথে সাথেই গাড়িটি ফেরত নেওয়া হবে।

সাবেক এমডি ওমর ফারুককে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে বোর্ড ইন-চার্জ মোহাম্মদ জহির হোসেন বলেন, ইতিমধ্যেই ওমর ফারুক পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং বোর্ড তা গ্রহণ করেছে। তাই তাকে পুনর্বহাল করার কোনো সুযোগ নেই।

এর আগে রোববার (১৪ জুন) ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকের পর ব্যাংকের চেয়ারম্যান এবং অন্য সব বোর্ড পরিচালকদের নিয়োগ বাতিল করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাফিজুর রহমান। এরপর ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে বোর্ডের কার্যাবলী তদারকির দায়িত্ব দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংক এর আগেই তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছিল। ১২ জুন বাজেট-উত্তর এক সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাফিজুর রহমান বলেছিলেন, ইসলামী ব্যাংকের সংকটের দ্রুত সমাধান হবে এবং আমানতকারীদের টাকা তুলতে কোনো সমস্যা হবে না বলে তিনি আশ্বস্ত করেছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ