Views Bangladesh Logo

ঈদের ছুটিতে এটিএম ও অনলাইন লেনদেন সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির সময় দেশের ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২১ মে) জারি করা এক সার্কুলারে তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) জন্য এ নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, ঈদের ছুটিকালীন সময়ে গ্রাহকরা যেন নির্বিঘ্নে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও এমএফএসের মাধ্যমে লেনদেন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

এটিএম বুথগুলোতে সার্বক্ষণিক সেবা চালু রাখা, পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ এবং কারিগরি ত্রুটি হলে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বুথের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অনলাইন লেনদেনে নিরাপত্তা জোরদারে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ)’ বাধ্যতামূলকভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে কার্ডভিত্তিক অনলাইন লেনদেনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

এমএফএস প্রতিষ্ঠানগুলোকে এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ এবং বাড়তি লেনদেনের চাপ সামাল দিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এছাড়া সব ধরনের ইলেকট্রনিক লেনদেনের তথ্য সঙ্গে সঙ্গে এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে। গ্রাহক সেবায় সার্বক্ষণিক হেল্পলাইন চালু রাখারও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের হয়রানি না হয়।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ডিজিটাল লেনদেনে প্রতারণা রোধে গণমাধ্যমে সচেতনতামূলক প্রচার চালাতে হবে এবং পূর্বে জারি করা সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ