বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ
বিদেশে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষা-সংক্রান্ত খরচ পরিশোধের প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আন্তর্জাতিক ডেবিট, প্রিপেইড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি ও অনুমোদিত অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধ করা যাবে। এ বিষয়ে সোমবার (১০ আগস্ট) একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা-সংক্রান্ত খরচ পরিশোধের জন্য আন্তর্জাতিক কার্ড ইস্যু করতে পারবে। শিক্ষার্থীর নামে অথবা তার শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে এসব কার্ড দেওয়া যাবে। বিদেশি বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ভর্তি প্ল্যাটফর্মগুলোতে কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধের সুযোগ বাড়ায় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কার্ডের মাধ্যমে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি ছাড়াও অনুমোদিত অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধ করা যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব লেনদেনকে আলাদাভাবে বিবেচনা করা হবে। ফলে শিক্ষা-সংক্রান্ত কার্ডে পরিশোধ করা অর্থ বিদ্যমান ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার সীমার মধ্যে গণনা করা হবে না।
তবে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত আইন, নিয়ন্ত্রক বিধিবিধান ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা অনুসরণ করতে হবে। অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে, নির্ধারিত সময়সীমার মধ্যে কার্ডের মাধ্যমে কেবল অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত খরচই পরিশোধ করা হচ্ছে।
এ ছাড়া প্রতিটি লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণ করতে হবে। নির্ধারিত ‘পারপাস কোড’ ব্যবহার করে এসব লেনদেনের তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে নিয়মিতভাবে প্রতিবেদন করার জন্যও ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত দিন