এশিয়া কাপ আর্চারির কম্পাউন্ড ইভেন্টে বাংলাদেশ প্রথম স্বর্ণ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক–এ অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ পয়েন্টে হারিয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছে দলটি—যা এই ইভেন্টে বাংলাদেশের প্রথম সোনা।
হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিব–কে নিয়ে গড়া দলটি শুরু থেকেই দারুণ ছন্দে ছিল। প্রথম সেটে ভিয়েতনামের ৫৫ পয়েন্টের বিপরীতে ৫৭ পয়েন্ট তুলে এগিয়ে যায় বাংলাদেশ। মাঝের সেটগুলোতে কিছুটা চাপে পড়লেও সামগ্রিক ব্যবধানে এগিয়ে ছিল তারা। শেষ সেটে ৬০-এর মধ্যে ৫৯ পয়েন্ট অর্জন করে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ার বাইরে কম্পাউন্ড ইভেন্টে প্রথমবারের মতো স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখাল বাংলাদেশ। এর আগে ২০২১ সালে দক্ষিণ কোরিয়া ও ২০২২ সালে ইরাকে অনুষ্ঠিত এশিয়া কাপে পুরুষদের দলগত কম্পাউন্ড ইভেন্টে দুইবার রুপা জিতলেও স্বর্ণ অধরাই ছিল।
বাংলাদেশের তীরন্দাজির পূর্বের সব বড় সাফল্য এসেছে রিকার্ভ ইভেন্টে। রোমান সানা বিশ্বকাপ ও এশিয়া কাপে পদক জিতেছিলেন, আর দিয়া সিদ্দিকিও এশিয়া কাপে সাফল্য পেয়েছিলেন। দুজনই অলিম্পিকে অংশ নেন। তবে এবার প্রথমবারের মতো কম্পাউন্ড ইভেন্টেও বড় সাফল্য এনে দিল বাংলাদেশ দল।
উল্লেখ্য, গত বছর এই টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জয় করেছিল। এবার বাংলাদেশ কম্পাউন্ড বিভাগেও ফেডারেশনের বিশেষ গুরুত্ব এবং ধারাবাহিক প্রস্তুতির ফলাফল এসেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে