Views Bangladesh Logo

বাংলাদেশ-অস্ট্রেলিয়া উচ্চশিক্ষা অংশীদারত্ব জোরদারের আগ্রহ

বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর অংশীদারত্ব আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে উভয় দেশ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে, এই সহযোগিতার মাধ্যমে গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বুধবার (১৩ মে ২০২৬) ঢাকায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশন ও অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেল প্রতিনিধিদলের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তিন সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন ভারতের অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেলের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার ভিক সিং, ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মেঘা গুপ্ত এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান।

সাক্ষাতে দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধি দল জানান, বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে অস্ট্রেলিয়ার সহযোগিতা দীর্ঘদিন ধরে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এর অংশ হিসেবে ইতোমধ্যে গোলটেবিল বৈঠক, একাডেমিক আলোচনা এবং বিভিন্ন যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তারা আরও জানান, চলতি বছরের জুনে ঢাকায় একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে অস্ট্রেলিয়ার ৭ থেকে ৮টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ অংশ নেবেন। পাশাপাশি আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল এডুকেশন কনফারেন্সে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বৈঠকে বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ শুধু শিক্ষার্থী প্রেরণকারী দেশ হিসেবে নয়, বরং বিদেশি শিক্ষার্থীদের জন্যও একটি আকর্ষণীয় উচ্চশিক্ষা গন্তব্য হিসেবে গড়ে উঠতে চায়।

বৈঠকে উভয় পক্ষ শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারত্ব আরও সম্প্রসারণের বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ