বাংলাদেশ ক্রান্তিলগ্নে রয়েছে, উত্তরণে দরকার গণভোট ও জাতীয় ঐক্য: আলী রীয়াজ
বাংলাদেশ বর্তমানে এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণে গণভোট ও জাতীয় ঐক্যের প্রয়োজন—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ রক্ত দিয়ে লেখা মানুষের স্বীকৃত ঋণ।
মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আলী রীয়াজের মতে, যোগ্যতা ও মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে প্রবেশ নিশ্চিত করতে গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিষ্ঠা করা জরুরি।
তিনি আরও বলেন, ন্যূনতম ভোটাধিকার নিশ্চিত করতে জুলাই জাতীয় সনদের বিকল্প নেই। দীর্ঘদিন ধরে স্বাধীন বিচার বিভাগ কাগজে-কলমে সীমাবদ্ধ ছিল উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগকে সত্যিকারের স্বাধীন করতে সংবিধান সংশোধন প্রয়োজন।
আলী রীয়াজ স্পষ্টভাবে জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়; এটি একটি অন্তর্বর্তী সরকার। যারা একে তত্ত্বাবধায়ক সরকার বলছেন, তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
দেশের ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব জনগণের—এ কথা উল্লেখ করে আলী রীয়াজ বলেন, জনগণকেই পথরেখা নির্ধারণ করতে হবে। তিনি বলেন, এক ব্যক্তির ইচ্ছায় যেন আর কখনো দেশের মৌলিক অধিকার ধ্বংস না হয়, সে লক্ষ্যেই জুলাই জাতীয় সনদ অপরিহার্য।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে