Views Bangladesh Logo

স্টারলিংককে প্রতিবেশী দেশগুলোতে ফিল্টারবিহীন ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ

প্রথমবারের মতো স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংককে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ আঞ্চলিক ডিজিটাল সংযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি দেশীয় টেলিযোগাযোগ অবকাঠামো কোম্পানিগুলোর জন্য বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।

সরকারি নথি অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদন নিয়ে স্টারলিংককে ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজড সার্কিট ব্যবহার করে বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট ট্রাফিক বহনের অনুমতি দিয়েছে।

অনুমোদন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) স্টারলিংকের প্রধান ব্যান্ডউইথ সরবরাহকারী হবে। প্রয়োজনীয় সক্ষমতা না থাকলে সামিট কমিউনিকেশন্স লিমিটেড ও ফাইবার@হোম লিমিটেড থেকেও ব্যান্ডউইথ নিতে পারবে প্রতিষ্ঠানটি।

বিটিআরসি চেয়ারম্যান মো. এমদাদ উল বারী জানিয়েছেন, এই আনফিল্টারড ব্যান্ডউইথ বাংলাদেশের অভ্যন্তরে ব্যবহার করা হবে না; এটি শুধুমাত্র বিদেশি গ্রাহকদের জন্য সরবরাহ করা হবে।

প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবিরের মতে, এই অনুমোদনের ফলে বাংলাদেশ আঞ্চলিক ডেটা কানেক্টিভিটি হাব হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবে এবং দেশীয় অপারেটররা ব্যান্ডউইথ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।

স্টারলিংক ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশে লাইসেন্স পাওয়ার পর মে মাসে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। দীর্ঘ কারিগরি পর্যালোচনার পর বিটিআরসি শর্তসাপেক্ষে সীমান্তপারের এই সংযোগের অনুমোদন দেয়। শর্ত অনুযায়ী, এই ব্যান্ডউইথ কোনোভাবেই বাংলাদেশের গ্রাহকদের জন্য ব্যবহার করা যাবে না এবং দেশীয় ও আন্তর্জাতিক ডেটা ট্রাফিক সম্পূর্ণ পৃথক রাখতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ