ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের
ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার ঘোষিত এই স্কোয়াডে একমাত্র নতুন মুখ ব্রাদার্স ইউনিয়নের ২৩ বছর বয়সী গোলরক্ষক ইসহাক আকন্দ।
আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে তাদের মাঠে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে স্বাগতিকদের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা।
গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দলে থাকা পাঁচ ফুটবলারকে এবার ক্যাম্প থেকে বাদ দিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। নিষেধাজ্ঞার কারণে উইঙ্গার রাকিবুল হাসান ও ডিফেন্ডার তপু বর্মণ দলে নেই। এছাড়া ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড কিউবা মিচেল ও ডিফেন্ডার তাজ উদ্দিনও স্কোয়াডে জায়গা পাননি।
লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকে প্রাথমিক ক্যাম্পে রাখা হয়নি, তবে তিনি ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে আশা করা হচ্ছে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, মনজুরুর রহমান মানিক ও ইসা ফয়সাল। তরুণ স্ট্রাইকার মিরাজুল ইসলাম, অভিজ্ঞ রফিকুল ইসলাম ও সুমন রেজাও আবার দলে ফিরেছেন। ভারতের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে না থাকা ফাহামিদুল ইসলামও এবার স্কোয়াডে আছেন।
ক্যাম্পে যোগ দিতে খেলোয়াড়দের আগামীকাল ঢাকার একটি হোটেলে রিপোর্ট করতে বলা হয়েছে।
ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াডে গোলরক্ষক হিসেবে আছেন মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান ও ইসহাক আকন্দ। ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান মানিক ও ইসা ফয়সাল। মিডফিল্ডে আছেন কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মোহাম্মদ হৃদয় ও শমিত সোম। আর ফরোয়ার্ড হিসেবে রাখা হয়েছে আরমান ফয়সাল, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ও সুমন রেজাকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে