নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে আপাতত বিশ্রামে আছেন নারী ক্রিকেটাররা। তবে সামনেই ইংল্যান্ডে হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মেগা ইভেন্টকে সামনে রেখে রোববার দল ঘোষণা করেছে বিসিবি। আগামী ১২ মে থেকে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প শুরু করবেন টাইগ্রেসরা। দলটির নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি, আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।
সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। তার পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন তাজ নেহার। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আশানুরূপ ফল না পাওয়ায় বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোই এখন বড় চ্যালেঞ্জ টাইগ্রেসদের সামনে।
বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ মে স্কটল্যান্ডের এডিনবরার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগ্রেসরা। এই সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। ত্রিদেশীয় সিরিজ শেষে দলটি যাবে ইংল্যান্ডের লাফবরোতে। সেখানে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং মূল আসরের আগে সেরা সমন্বয় গড়ে তোলাই থাকবে এই প্রস্তুতি পর্বের লক্ষ্য।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপ ‘এ’-তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
১২ জুন এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই মাঠে আগামী ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ডাচ নারীদের জন্য এটিই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে