মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ এইচপি দলের টি–টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
দুটি টি–টোয়েন্টি ও তিনটি ৫০ ওভারের ম্যাচের সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। তবে এই সিরিজে বাংলাদেশের মূল জাতীয় দল নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) দল অংশ নেবে। মঙ্গলবার দুটি টি–টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
এসএম মেহরব হাসানের নেতৃত্বাধীন এইচপি দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে পাঁচ ক্রিকেটারের। তাঁদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ সাব্বির রহমান, যিনি বাংলাদেশের হয়ে ৪৮টি টি–টোয়েন্টিসহ টেস্ট ও ওয়ানডে খেলেছেন। এছাড়া জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার, আবু হায়দার ও রাকিবুল হাসান। তরুণদের মধ্যে জায়গা পেয়েছেন জিসান আলম ও জাওয়াদ আবরারের মতো আক্রমণাত্মক ব্যাটাররাও।
বাংলাদেশ ও মালয়েশিয়ার একমাত্র আন্তর্জাতিক টি–টোয়েন্টি লড়াই হয়েছিল ২০২৩ সালের এশিয়ান গেমসে। সেই ম্যাচে বাংলাদেশ ২ রানে জয় পেয়েছিল। ওই ম্যাচের বাংলাদেশ দলে থাকা শামীম হোসেন ও রাকিবুল হাসান এবারও এইচপি দলে রয়েছেন।
দুটি টি–টোয়েন্টি ম্যাচ ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে হবে তিনটি ৫০ ওভারের ম্যাচ। বিদেশি কোনো দল এবারই প্রথম এই ভেন্যুতে খেলবে।
বাংলাদেশ এইচপি টি–টোয়েন্টি দল: এসএম মেহরব হাসান (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার, আবু হায়দার, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান ও ইকবাল হোসেন।
মতামত দিন