মেট্রোরেলসহ গণপরিবহন উন্নয়নে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান
মেট্রোরেলসহ গণপরিবহন, যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা আরও জোরদারে একমত হয়েছে বাংলাদেশ ও জাপান।
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এবং জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ খাতে দীর্ঘদিনের সহযোগিতার জন্য জাপানকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, উন্নয়ন অংশীদার হিসেবে জাপানের ধারাবাহিক সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক, নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা, বিশেষ করে মেট্রোরেল নির্মাণে জাপানের অভিজ্ঞতা, উন্নত প্রযুক্তি ও কারিগরি সহযোগিতা বিশেষভাবে মূল্যবান।
মন্ত্রী আরও বলেন, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে জাপানের মতো উন্নত অংশীদারের অভিজ্ঞতা ও সহযোগিতা সমন্বিত, নিরাপদ, জনবান্ধব ও পরিবেশসম্মত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি আরও বিস্তৃত হবে।
জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা বলেন, বাংলাদেশের দ্রুত নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও টেকসই গণপরিবহন অবকাঠামো গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কাজে জাপানের অভিজ্ঞতা, উন্নত প্রযুক্তি ও কারিগরি দক্ষতা আরও কার্যকরভাবে কাজে লাগানো যেতে পারে।
তিনি বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে অবকাঠামো উন্নয়ন, মেট্রোরেল, রেল যোগাযোগ, সড়ক পরিবহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ভবিষ্যতে বাংলাদেশ ও জাপান আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শওগাতুল আলম উপস্থিত ছিলেন।
মতামত দিন